ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), কুষ্টিয়ায় ‘আলোকিত নারী’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আলোচনার বিষয় ছিল বিশ্বখ্যাত সামুদ্রিক সংরক্ষণকর্মী Valerie Taylor-এর জীবন ও কর্ম।
বহ্নিশিখা, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে ২৩ ফেব্রুয়ারি ২০২৬ রাত ৯টায় গুগল মিট প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসনাত জাহান, অধ্যক্ষ কুষ্টিয়া টিচার্স ট্রেনিং কলেজ ও উপদেষ্টা গ্রীন ভয়েস। আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবর্ষ ২০২২-২০২৩ এর শিক্ষার্থী অনন্যা বিশ্বাস। সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন আফিয়া তাসনিম মুনা, মাস্টার্স (বাংলা বিভাগ), সরকারি মহিলা কলেজ, ঢাকা।
বক্তারা বলেন, ভ্যালেরি টেইলর দীর্ঘ কয়েক দশক ধরে সমুদ্র ও হাঙর সংরক্ষণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর আন্ডারওয়াটার ডাইভিং, প্রামাণ্যচিত্র নির্মাণ ও সচেতনতামূলক কর্মকাণ্ড বিশ্বব্যাপী সামুদ্রিক প্রাণী রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নারীর সাহস, অধ্যবসায় ও পরিবেশ আন্দোলনে নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে তাঁকে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণে তরুণ প্রজন্মের দায়িত্ব ও করণীয় বিষয়ে মতামত দেন। বক্তারা বলেন, জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা সৃষ্টি এবং বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ এখন সময়ের দাবি।
সভা শেষে আয়োজকরা জানান, ‘আলোকিত নারী’ ধারাবাহিক আয়োজনের মাধ্যমে দেশ-বিদেশের প্রভাবশালী নারীদের জীবন ও কর্ম তুলে ধরা হবে, যাতে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়ে সমাজ ও পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে পারে।