২০২৫–২৬ শিক্ষাবর্ষের BHMS, BUMS ও BAMS ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় সেবামূলক কার্যক্রম পরিচালনা করেছে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস। শুক্রবার (৬ মার্চ) রাজধানীর সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ কেন্দ্রিক গ্রীন ভয়েসের উদ্যোগে দিনব্যাপী একটি বিশেষ ‘হেল্প ডেস্ক’ পরিচালনা করা হয়।
পরীক্ষার্থীদের ভোগান্তি কমানো এবং পরীক্ষা কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখতে সংগঠনটির স্বেচ্ছাসেবকদের তিনটি দলে ভাগ করা হয়। একটি দল তথ্য ও সুরক্ষা বুথ পরিচালনা করে, যেখানে পরীক্ষার্থীরা তাদের মোবাইল ফোন, ব্যাগ ও অন্যান্য ব্যক্তিগত সামগ্রী নিরাপদে জমা রাখার সুযোগ পান। অন্য একটি দল মাঠ পর্যায়ে থেকে পরীক্ষার্থীদের সিট প্ল্যান খুঁজে পেতে এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে সহায়তা করে। এছাড়া পুরো কার্যক্রমের তদারকি ও সমন্বয়ের দায়িত্বে ছিল আরেকটি দল।
পরিচয়পত্র ও সংগঠনের সিগনেচার ‘সবুজ টি-শার্ট’ পরিহিত স্বেচ্ছাসেবকদের সক্রিয় উপস্থিতিতে পরীক্ষা কেন্দ্র এলাকায় একটি সহায়তামূলক ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এতে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরে আসে।
এই কার্যক্রমের একটি বিশেষ দিক ছিল পরিবেশ সচেতনতা। হেল্প ডেস্ক পরিচালনায় কোনো ধরনের ‘ওয়ান টাইম’ বা ‘সিঙ্গেল ইউজ’ প্লাস্টিক ব্যবহার করা হয়নি। পরিবেশবান্ধব এই উদ্যোগটি পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং শিক্ষার্থীদের প্রয়োজনে গ্রীন ভয়েস সবসময় পাশে থাকবে।
