সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুলাই-৩৬ হলে ‘বহ্নিশিখা’ এবং পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’-এর সম্মিলিত উদ্যোগে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। একটি সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার্থীদের যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচির আওতায় জুলাই-৩৬ হল প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি এই তিন জাতের মোট ১১টি বৃক্ষ রোপণ করা হয়েছে। ক্যাম্পাসের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং সৌন্দর্য বর্ধনের জন্যই মূলত এই উদ্যোগ নেওয়া হয়।
উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুলাই-৩৬ হলের সম্মানিত প্রভোস্ট লাবলী নাহার। তাঁর প্রত্যক্ষ উপস্থিতিতে এবং সার্বিক অংশগ্রহণের মাধ্যমে বৃক্ষরোপণ কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন হয়। এ সময় আয়োজক সংগঠন দুটির অন্যান্য সদস্য ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সবুজ, সুন্দর ও বাসযোগ্য ক্যাম্পাস নিশ্চিত করতে শিক্ষার্থীদের এই যৌথ উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ সুরক্ষায় তাদের এই ধরনের ক্ষুদ্র ও সচেতনতামূলক প্রয়াস আগামীতেও অব্যাহত থাকবে।