সামাজিক ও পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস–এর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে আয়োজিত আলোচনা সভা, দায়িত্ব হস্তান্তর ও ইফতার মাহফিল অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিতে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দর্শন বিভাগের শিক্ষার্থী আরিফ ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী ইরফান মন্ডল।
দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ পরিবেশ সুরক্ষা, সামাজিক সচেতনতা ও শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে সম্পৃক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, ক্যাম্পাসভিত্তিক পরিবেশবান্ধব উদ্যোগ, বৃক্ষরোপণ কর্মসূচি ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল করা হবে।
অনুষ্ঠানের শেষপর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।