রাজশাহী বিশ্ববিদ্যালয়য়ের শিক্ষার্থীদের যোগাযোগ ও উপস্থাপনা দক্ষতা উন্নয়নে গ্রীন ভয়েস এর কর্মশালা
Reporter Name
Update :
বুধবার, ৫ আগস্ট, ২০২৬
Share
শিক্ষার্থীদের যোগাযোগ, নেতৃত্ব ও উপস্থাপনা দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী এক দক্ষতা উন্নয়নমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘From Nervous to Notable: Communication & Presentation Skills’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’, রাজশাহী বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের ১০৯ নম্বর কক্ষে শনিবার বিকালে কর্মশালাটি সফলভাবে সম্পন্ন হয়। গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি আরিফ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং গ্রীন ভয়েসের উপদেষ্টা অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, রাবি টিএসসিসি-এর পরিচালক এবং গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা ড. মুরশিদা ফেরদৌস বিনতে হাবিব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস রাবি শাখার ছাত্র উপদেষ্টা এবং গ্রীন ভয়েস কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আহসান হাবিব।
উক্ত ওয়ার্কশপে প্রশিক্ষণ হিসেবে ছিলেন বাংলাদেশ সোসিও কালচারাল ফোরাম (বিএসসিএফ) এর প্রতিষ্ঠাতা ও সিইও জনাব নিলয় সাহা নীল।কর্মশালায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এই আয়োজনে শিক্ষার্থীদের মঞ্চভীতি ও দ্বিধাদ্বন্দ্ব দূর করা, পাবলিক স্পিকিংয়ে আত্মবিশ্বাস অর্জন এবং একাডেমিক ও পেশাগত ক্ষেত্রে কার্যকর উপস্থাপনা বিকাশের নানা কৌশল শেখানো হয়। পাশাপাশি পেশাদার যোগাযোগের জন্য সঠিক বডি ল্যাঙ্গুয়েজ, আই কন্ট্যাক্ট, জেসচার, ভয়েস মডুলেশন, নেটওয়ার্কিং এবং টিমওয়ার্কের মাধ্যমে পারস্পরিক নেতৃত্ব ও মতামত প্রকাশের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। কর্মশালার বিভিন্ন সেশনে তাত্ত্বিক আলোচনার পাশাপাশি বাস্তব উদাহরণভিত্তিক অনুশীলন পরিচালনা করা হয়। এতে অন্তর্ভুক্ত ছিল কার্যকর যোগাযোগের কৌশল, ভদ্র ও পেশাদার যোগাযোগের শিষ্টাচার এবং কমিউনিকেশনের সূক্ষ্ম দিকগুলো। এ ছাড়া পেশাগত সংযোগ জোরদারে সামাজিক যোগাযোগ মাধ্যম লিংকডইন-এর কার্যকর ব্যবহার সম্পর্কেও অংশগ্রহণকারীদের বিস্তারিত ধারণা দেওয়া হয়।
অতিথিরা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের একাডেমিক লেখাপড়ার পাশাপাশি ব্যক্তিগত দক্ষতা উন্নয়ন, যোগাযোগের গুরুত্ব এবং ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশের ওপর আলোকপাত করেন এবং এ সময় শিক্ষার্থীদের কল্যাণে গ্রীন ভয়েসের এ ধরনের সময়োপযোগী ও দক্ষতা বৃদ্ধিমুখী উদ্যোগের প্রশংসা করেন। একইসঙ্গে গ্রীন ভয়েস রাবি শাখার ছাত্র উপদেষ্টা মো. আহসান হাবিব তাঁর বক্তব্যে সহশিক্ষামূলক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন নিয়মিত চর্চা ও আত্মউন্নয়নের মাধ্যমে দক্ষ যোগাযোগ সৃষ্টি ও সাংগঠনিক নেতৃত্বের গুণাবলি অর্জন সম্ভব।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ রাসেদ এবং যুগ্ম সম্পাদক মমিনুর রহমান সাকিব সহ গ্রীন ভয়েস রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার অন্যান্য সদস্যবৃন্দ।