নারী ও তরুণীদের আত্মরক্ষার কৌশল শেখানো এবং আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে সাত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করতে যাচ্ছে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েসের কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা। আগামী নভেম্বর মাসে ‘আত্মবিশ্বাসে আত্মরক্ষা ও আত্মকৌশল প্রশিক্ষণ’ শীর্ষক এ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রশিক্ষণটি পরিচালিত হবে গ্রীন ভয়েসের অঙ্গসংগঠন ‘বহ্নিশিখা’র উদ্যোগে। সংগঠনটি ‘আত্মবিশ্বাসে আত্মরক্ষা’ ও ‘বলীয়ান নারী’ স্লোগানকে সামনে রেখে তরুণী ও নারীদের আত্মরক্ষার কৌশল শেখানোর পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, সাত দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের আত্মরক্ষার কৌশল শেখানোর ওপর গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে নারীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং নিজেদের সুরক্ষায় প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ তৈরির লক্ষ্য রয়েছে এ উদ্যোগে।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের জন্য বিনামূল্যে টি-শার্ট ও সনদ দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। নারী ও তরুণীদের আত্মরক্ষায় দক্ষ করে তোলা এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গ্রীন ভয়েস, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার এ উদ্যোগ নেওয়া হয়েছে।