বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দেশের অন্যতম পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’-এর বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ অভিযানের তৃতীয় দিন অতিবাহিত হয়েছে। তরুণ সমাজকে পরিবেশ রক্ষায় সম্পৃক্ত করতে গত মঙ্গলবার (২৮ জুলাই) অনলাইনের মাধ্যমে এই সদস্য সংগ্রহ কার্যক্রম অব্যাহত রেখেছে সংগঠনটি।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত গুগল ফরম পূরণ করে সরাসরি সদস্য হওয়ার আবেদন করতে পারবেন। পাশাপাশি, নতুন সদস্যদের যুক্ত করা ও যোগাযোগের সুবিধার্থে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার গ্রুপের লিংকও উন্মুক্ত করে দেওয়া হয়েছে। গ্রীন ভয়েস মূলত পরিবেশ সচেতন ছাত্র-যুবকদের সমন্বয়ে গঠিত একটি স্বাধীন ও রাজনীতিমুক্ত স্বেচ্ছাসেবী সংগঠন। পরিবেশ দূষণ, বৃক্ষনিধন, খাদ্যে ভেজাল এবং নদী-নালা, খাল-বিল ও মাঠ দখলকারীদের বিরুদ্ধে তরুণদের সচেতন করতে সংগঠনটি দেশব্যাপী কাজ করছে। পরিবেশবান্ধব ও বাসযোগ্য দেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী একটি মানবিক আন্দোলন গড়ে তোলাই তাদের মূল উদ্দেশ্য।
পরিবেশ সুরক্ষার এই কার্যক্রমের পাশাপাশি সদস্যদের ব্যক্তিগত দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়নেও নিয়মিত প্রশিক্ষণ প্রদানের কথা জানিয়েছে সংগঠনটি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখায় যুক্ত হওয়া নতুন সদস্যরা আগামীতে ক্যাম্পাসের সবুজায়ন ও টেকসই উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন।