গাছে পেরেক ঠুকে ব্যানার, ফেস্টুন, পোস্টার ও বিভিন্ন প্রচারসামগ্রী লাগানো বন্ধ এবং টেপামধুপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে ময়লার স্তূপ অপসারণের দাবিতে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস। সোমবার কাউনিয়া উপজেলা শাখার সভাপতি আকরাম মাহমুদের নেতৃত্বে সংগঠনের সদস্যরা ইউএনওর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করেন।
সাক্ষাৎকালে উপজেলার বিভিন্ন স্থানে গাছে পেরেক ঠুকে প্রচারসামগ্রী লাগানোর ফলে গাছ ও পরিবেশের দীর্ঘমেয়াদি ক্ষতির বিষয়টি তুলে ধরা হয়। একই সঙ্গে টেপামধুপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের গেটের সামনে ময়লার স্তূপ থেকে সৃষ্ট দুর্গন্ধে শিক্ষার্থীদের অসুস্থতা এবং শ্রেণিকক্ষে মনোযোগে সমস্যার বিষয়েও আলোচনা করা হয়।
স্মারকলিপিতে চারটি দাবি ও কর্মসূচির কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে গাছে পেরেক ঠুকে বিলবোর্ড, ব্যানার ও পোস্টার লাগানো বন্ধ এবং সেগুলো অপসারণ, টেপামধুপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে ময়লার স্তূপ অপসারণ, মাদক ও জুয়া—বিশেষ করে অনলাইন ক্যাসিনো—বন্ধে মানববন্ধন এবং প্রকৃতির জন্য ক্ষতিকর চারাগাছ হিসেবে ইউক্যালিপটাসের চারা উৎপাদন ও রোপণ বন্ধ করা।
গ্রীন ভয়েসের পক্ষ থেকে বলা হয়েছে, পরিবেশ রক্ষায় প্রশাসন ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এসব বিষয়ে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এ বিষয়ে সংগঠনটি প্রশাসনের সহযোগিতা প্রত্যাশা করছে।
স্মারকলিপি গ্রহণের পর ইউএনও গ্রীন ভয়েসের উদ্যোগকে সাধুবাদ জানান এবং পরিবেশ রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।