বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’-এর বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ চলছে। তরুণদের পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে শুরু হওয়া এই সদস্য সংগ্রহ অভিযানের দ্বিতীয় দিন সোমবার অতিবাহিত হয়েছে।
আয়োজক সংগঠন সূত্রে জানা গেছে, গ্রীন ভয়েস মূলত পরিবেশ সচেতন ছাত্র-যুবকদের সমন্বয়ে গঠিত একটি স্বাধীন ও রাজনীতিমুক্ত স্বেচ্ছাসেবী সংগঠন। দেশে পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বাড়াতে সংগঠনটি দেশব্যাপী কাজ করছে। বিশেষ করে পরিবেশ দূষণ, বৃক্ষনিধন, খাদ্যে ভেজাল এবং নদী-নালা, খাল-বিল ও মাঠ দখলকারীদের বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ করে একটি মানবিক আন্দোলন গড়ে তোলাই এই সদস্য সংগ্রহের অন্যতম লক্ষ্য।
পরিবেশ সুরক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ব্যক্তিগত উন্নয়নেও কাজ করে যাচ্ছে সংগঠনটি। গ্রীন ভয়েস বেরোবি শাখা থেকে জানানো হয়, টেকসই উন্নয়ন ও পরিবেশবান্ধব দেশ বিনির্মাণের পাশাপাশি সদস্যদের ক্যারিয়ার গঠন ও দক্ষতা উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণ প্রদান করা হয়। তারই ধারাবাহিকতা বজায় রাখতে ক্যাম্পাসে নতুনদের নিয়ে এই সদস্য সংগ্রহ অভিযান পরিচালনা করা হচ্ছে।এই উদ্যোগের ফলে ক্যাম্পাসে পরিবেশ সচেতন তরুণদের একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হবে, যা ভবিষ্যতে সবুজ ক্যাম্পাস ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।