পরিবেশ রক্ষায় এবং গাছে পেরেক মেরে ব্যানার, ফেস্টুন ও প্রচারসামগ্রী লাগানোর বিরুদ্ধে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’। এই ক্ষতিকর চর্চা বন্ধের দাবিতে সংগঠনটির চিলমারী উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১৬ জুলাই) গ্রীন ভয়েস চিলমারী শাখার একটি প্রতিনিধি দল ইউএনওর কার্যালয়ে গিয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপজেলার বিভিন্ন স্থানে গাছে পেরেক মারার ফলে গাছের যে স্থায়ী ক্ষতি হচ্ছে, সে বিষয়ে তাঁরা বিস্তারিত আলোচনা করেন এবং স্মারকলিপিটি হস্তান্তর করেন।
প্রতিনিধি দলের সদস্যরা জানান, নির্বিচারে পেরেক ঠোকার কারণে গাছের স্বাভাবিক বৃদ্ধি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং অনেক গাছ অকালেই মারা যাচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গাছের প্রাণ বাঁচানো অত্যন্ত জরুরি। এই সংকট নিরসনে এবং গাছে পেরেক মারার মতো নিষ্ঠুর চর্চা বন্ধে প্রশাসন ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ একটি ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গ্রীন ভয়েসের পরিবেশবান্ধব এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানান। সেই সঙ্গে পরিবেশ ও গাছ রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তিনি।