সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে পরিবেশবাদী সংগঠন ‘গ্রীন ভয়েস’ নেত্রকোনা সরকারি কলেজ শাখার উদ্যোগে নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ নভেম্বর ২০২৬ তারিখে এই কর্মসূচি আয়োজিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবু তাহের খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আবদুল কাদির ফকির, শিক্ষক কমিটির সম্পাদক জনাব মখলেসুর রহমান আকন্দ এবং ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. কবির উদ্দিন। এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নেত্রকোনা শাখার সম্মানিত নেতৃবৃন্দ, গ্রীন ভয়েস নেত্রকোনা সরকারি কলেজ শাখার ছাত্র উপদেষ্টা জনাব আমিরুল ইসলাম ও জনাব শিহাব আহমেদ, কলেজের বিভিন্ন অঙ্গসংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং নবগঠিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। পরবর্তীতে কলেজের বিভিন্ন অঙ্গসংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যৎ কার্যক্রমের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় সম্মানিত অতিথি ও শিক্ষকবৃন্দ তাঁদের মূল্যবান বক্তব্য, পরামর্শ ও দিকনির্দেশনার মাধ্যমে তরুণ স্বেচ্ছাসেবীদের পরিবেশ রক্ষায় আরও সক্রিয় ভূমিকা পালনে উৎসাহিত করেন।
সবুজ ক্যাম্পাস গড়ার অঙ্গীকারের প্রতীক হিসেবে কলেজের বিভিন্ন অঙ্গসংগঠনের প্রতিনিধি ও সম্মানিত উপদেষ্টা শিক্ষকদের হাতে ইনডোর গাছ উপহার হিসেবে তুলে দেওয়া হয়। এই উদ্যোগের মধ্য দিয়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।পরিকল্পিত কিছু কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব না হলেও, আন্তরিক পরিচিতি, গঠনমূলক মতবিনিময় এবং পারস্পরিক সহযোগিতার অঙ্গীকারের মধ্য দিয়ে গ্রীন ভয়েসের নবগঠিত কমিটির পথচলায় একটি অর্থবহ সূচনা হয়েছে। আয়োজনটি সফল করতে সময়, পরামর্শ ও সহযোগিতা প্রদানকারী সকল অতিথি, শিক্ষক, উপদেষ্টা ও স্বেচ্ছাসেবীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।