গতকাল ২৪ ফেব্রুয়ারি ২০২৬ রাজধানীতে গ্রীন ভয়েস সরকারি টিচার্স ট্রেনিং কলেজ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে ইফতারের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সচেতনতা বিষয়ে এক তাৎপর্যপূর্ণ আলাপনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষকবৃন্দ এবং গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক আলমগীর কবির। বক্তারা বলেন, বর্তমান সময়ে পরিবেশ বিপর্যয়, বায়ুদূষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন প্রকট হচ্ছে। এ পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শুধু পাঠদানেই সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মনোভাব গড়ে তুলতে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

আলমগীর কবির তাঁর বক্তব্যে বলেন, “পরিবেশ রক্ষা শুধু কোন কর্মসূচি নয়; এটি একটি নৈতিক দায়িত্ব। এই তরুণরাই পারেন আগামী প্রজন্মকে সচেতন, দায়িত্বশীল ও প্রকৃতিবান্ধব নাগরিক হিসেবে গড়ে তুলতে।” তিনি আরও জানান, গ্রীন ভয়েস দেশজুড়ে তরুণ ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে পরিবেশ আন্দোলনকে শক্তিশালী করতে কাজ করছে।
কলেজের শিক্ষকবৃন্দ পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, প্লাস্টিকের ব্যবহার কমানো, বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করা এবং পানি ও বিদ্যুৎ সাশ্রয়ের মতো ছোট ছোট উদ্যোগ থেকেই বড় পরিবর্তন সম্ভব।

অনুষ্ঠানটি সমন্বয় ও সঞ্চালনা করেন গ্রীন ভয়েস সরকারি টিচার্স ট্রেনিং কলেজ শাখার সভাপতি আবু সাইদ । দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, পরিবেশের সুরক্ষা এবং মানবতার শান্তি কামনা করা হয়।
সামাজিক সম্প্রীতি, আধ্যাত্মিক চেতনা ও পরিবেশ সচেতনতার সমন্বয়ে আয়োজিত এ ইফতার মাহফিল অংশগ্রহণকারীদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে পরিবেশভিত্তিক নানা কর্মসূচি গ্রহণ করা হবে।