শব্দদূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ ৪ মে (২০২৬) দশ দিনব্যাপী বিশেষ ক্যাম্পেইনের প্রথম দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এবং পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’-এর সহযোগিতায় রাজধানীর বিজয় সরণি ও সচিবালয় এলাকায় এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়। মূলত ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’-এর আওতায় সাধারণ মানুষ এবং চালকদের মাঝে সচেতনতা তৈরিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ক্যাম্পেইনে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর গুরুত্বপূর্ণ আইনগুলো তুলে ধরা হয়। প্রচারণায় জানানো হয়, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস-আদালতের চারপাশের ১০০ মিটার পর্যন্ত ‘নীরব এলাকা’ হিসেবে গণ্য হবে এবং সেখানে হর্ন বাজানো সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ। পাশাপাশি হাইড্রোলিক, মাল্টি টিউন বা উচ্চ শব্দের যেকোনো হর্ন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। আবাসিক এলাকায় রাত ৯টার পর শব্দদূষণ এবং কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া মাইক বা লাউড স্পিকারের ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও জীববৈচিত্র্য, বিশেষ করে পাখিদের রক্ষার্থে আতশবাজি ও পটকা বর্জনের আহ্বান জানানো হয়। সতর্কবার্তায় বলা হয়েছে, সড়কে শব্দদূষণ নিয়ন্ত্রণে এখন থেকে ট্রাফিক সার্জেন্টরা তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। সুস্থ ও সুন্দর আগামী বিনির্মাণে এবং একটি শব্দদূষণমুক্ত সমাজ গড়তে নিজ অবস্থান থেকে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে আয়োজকরা।