গাছে পেরেক ঠুকে ব্যানার, পোস্টার ও বিজ্ঞাপন লাগানোর কারণে গাছের ক্ষতি রোধে বৃক্ষ রক্ষা কার্যক্রম পরিচালনা করেছে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েসের হরিপুর উপজেলা শাখা। এ উদ্যোগের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় গাছে পেরেক দিয়ে প্রচারসামগ্রী লাগানোর বিষয়টি ছবি ও তথ্যসহ প্রতিবেদন আকারে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে তুলে ধরে সংগঠনটি।
এর পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে গাছ থেকে পেরেক দিয়ে লাগানো বিভিন্ন প্রচারসামগ্রী অপসারণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন কর, সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল বাইন এবং ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জয়নাল আবেদিন। এ সময় গ্রীন ভয়েসের সদস্য ও স্বেচ্ছাসেবকেরাও উপস্থিত ছিলেন।
গ্রীন ভয়েস, হরিপুর উপজেলা শাখার পক্ষ থেকে জানানো হয়, গাছে পেরেক দিয়ে ব্যানার, পোস্টার ও বিজ্ঞাপন লাগানোর বিষয়টি প্রশাসনের নজরে আনার মাধ্যমে গাছ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংগঠনটি।কর্মসূচির মাধ্যমে গাছে পেরেক না মারা এবং বৃক্ষের ক্ষতি হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি সবুজ পরিবেশ গড়ে তুলতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানায় গ্রীন ভয়েস।