নারীদের আত্মরক্ষা ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণে অংশগ্রহণ বৃদ্ধি এবং বহ্নিশিখার সদস্য সংগ্রহের লক্ষ্যে কুড়িগ্রাম সরকারি কলেজে ক্লাস ক্যাম্পেইন পরিচালনা করেছে গ্রীন ভয়েসের কলেজ শাখা। এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে বহ্নিশিখার কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য এবং আসন্ন প্রশিক্ষণ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।
গ্রীন ভয়েসের অঙ্গসংগঠন বহ্নিশিখা নারী ও শিশুদের অধিকার, নিরাপত্তা এবং ক্ষমতায়নে কাজ করছে। এরই ধারাবাহিকতায় আগামী ১৫ নভেম্বর থেকে সাত দিনব্যাপী নারীদের আত্মরক্ষার কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণ শুরু হওয়ার কথা রয়েছে।
প্রশিক্ষণে নারী সদস্যদের অংশগ্রহণ বৃদ্ধি এবং নিবন্ধন নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত ক্লাস ক্যাম্পেইনে নারীদের আত্মরক্ষার প্রয়োজনীয়তা, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং নিজেদের নিরাপত্তার বিষয়ে সচেতন হওয়ার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের বহ্নিশিখার কার্যক্রমের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
আয়োজকদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে আরও বেশি নারী বহ্নিশিখার সঙ্গে যুক্ত হবেন এবং আত্মরক্ষার কৌশল ও প্রয়োজনীয় দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মবিশ্বাসী হয়ে উঠবেন।কর্মসূচি সম্পর্কে তথ্য জানিয়েছেন গ্রীন ভয়েস, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার প্রচার সম্পাদক এম এন জাকারিয়া খাঁন মুরাদ।