প্রকল্পের কার্যকর পরিকল্পনা, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিষয়ে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আজ ঢাকায় দিনব্যাপী ‘প্রকল্প ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।সেন্টার ফর ডিমার্টের (Centre for DMERT) আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রশিক্ষক ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এবং ডিমার্টের (DMERT) প্রতিষ্ঠাতা ড. মাহমুদুল ইসলাম।
কর্মশালায় প্রকল্প ব্যবস্থাপনার মৌলিক ধারণা, প্রকল্প প্রস্তাবনা প্রণয়ন, পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল, মনিটরিং, মূল্যায়ন এবং প্রকল্পের কার্যকারিতা ও স্থায়িত্ব নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য ছিল ব্যবহারিক অনুশীলন ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ।কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক এবং গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক আলমগীর কবির এবং সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন স্বপন।কর্মশালাটি সঞ্চালনা করেন সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোনছেফা তৃপ্তি।
বিভিন্ন পেশা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ কর্মশালায় অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা প্রকল্প ব্যবস্থাপনার বিভিন্ন চ্যালেঞ্জ, বাস্তব অভিজ্ঞতা ও কার্যকর সমাধান নিয়ে মতবিনিময় করেন।কর্মশালার মূল লক্ষ্য ছিল অংশগ্রহণকারীদের প্রকল্প ব্যবস্থাপনা বিষয়ে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি করা, যাতে তাঁরা নিজ নিজ কর্মক্ষেত্রে আরও পরিকল্পিত, দক্ষ ও কার্যকরভাবে প্রকল্প পরিচালনা করতে পারেন।
আয়োজকরা মনে করেন, উন্নয়ন কার্যক্রমের গুণগত মান ও কার্যকারিতা নিশ্চিত করতে প্রকল্প ব্যবস্থাপনায় দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময় কার্যক্রম ভবিষ্যতে আরও কার্যকর ও টেকসই উন্নয়ন উদ্যোগ গ্রহণে ভূমিকা রাখবে।