শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং তাঁদের মধ্যে সামাজিক ও পরিবেশগত দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ‘ক্লাস ক্যাম্পেইন: স্বেচ্ছাসেবায় তারুণ্য’ শীর্ষক কর্মসূচির আয়োজন করেছে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েসের বিশ্ববিদ্যালয় শাখা।রোববার (১ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন গ্রীন ভয়েস, জাবিপ্রবি শাখার সভাপতি তৌসিফ তন্ময় এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর।
কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে মতবিনিময় করেন সংগঠনের সদস্যরা। এ সময় শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা পালন এবং মানবিক মূল্যবোধের চর্চার ওপর গুরুত্ব দেওয়া হয়।পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছাসেবামূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
গ্রীন ভয়েস, জাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর বলেন, “তরুণ প্রজন্ম কেবল দেশের ভবিষ্যৎ নয়, বরং বর্তমান সমাজে ইতিবাচক পরিবর্তন আনার অন্যতম চালিকাশক্তি। শিক্ষার্থীদের মধ্যে স্বেচ্ছাসেবার মানসিকতা, নেতৃত্বের গুণাবলি ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু ব্যক্তিগত সাফল্য অর্জনই নয়, সমাজ ও পরিবেশের প্রতি দায়িত্বশীল হয়ে ওঠার মধ্য দিয়েই একজন শিক্ষার্থীর প্রকৃত মানবিক বিকাশ ঘটে।”
সংগঠনের নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণে উৎসাহিত করা এবং ক্যাম্পাসজুড়ে ইতিবাচক, মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগের প্রসারে গ্রীন ভয়েসের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।