রংপুর কারমাইকেল কলেজের সবুজ চত্বরে নতুন উদ্যমে যাত্রা শুরু করল পরিবেশবাদী সংগঠন ‘গ্রীন ভয়েস’ এর নবগঠিত শাখা। কমিটির দায়িত্ব গ্রহণের পর প্রথম আনুষ্ঠানিক সভাটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মো: মেহেদী হাসান সাগর।
সভার মূল আলোচ্য বিষয় ছিল সংগঠনের গতিশীলতা বৃদ্ধি এবং আগামী এক মাসের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নির্ধারণ। একটি সবুজ, সচেতন ও ইতিবাচক সমাজ গড়ার লক্ষ্যে সংগঠনের প্রতিটি সদস্য একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সভায় সদস্যরা তাদের নিজস্ব মতামত তুলে ধরেন এবং কীভাবে ক্যাম্পাস ও এর আশেপাশে পরিবেশগত সচেতনতা বৃদ্ধি করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
‘যুবারাই লড়বে সবুজ পৃথিবী গড়বে’ এই স্লোগানকে সামনে রেখে নতুন এই কমিটি তাদের লক্ষ্য অর্জনে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেছে। উপস্থিত সদস্যরা বিশ্বাস করেন, তারুণ্যের শক্তি ও সঠিক পরিকল্পনার মাধ্যমে কারমাইকেল কলেজে সবুজের আলো ছড়িয়ে দেওয়া সম্ভব হবে। আগামী দিনের এই পথচলায় সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ বিনির্মাণই হবে সংগঠনের মূল লক্ষ্য।