দেশীয় ফলের স্বাদ আস্বাদন ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রাম সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে ‘ফল উৎসব’ পালিত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’ কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার উদ্যোগে এ বর্ণাঢ্য আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়।
আয়োজনে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. সাইফুর রহমান, গ্রীন ভয়েস কলেজ শাখার সম্মানিত উপদেষ্টামণ্ডলী এবং কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
এছাড়াও এই আনন্দঘন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েসের রাজশাহী বিভাগীয় সমন্বয়ক মো. রাইসুল ইসলাম নোমান, কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক তহ্নি বণিক, সাংগঠনিক সম্পাদক মো. সাদমান হাফিজ স্বপ্ন এবং উলিপুর উপজেলা শাখার সভাপতি মো. সারফরাজ সৌরভ।
গ্রীন ভয়েস কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সভাপতি মো. আবু রায়হান জাকারিয়া এবং সাধারণ সম্পাদক মো. লাভলু ইসলামের সার্বিক তত্ত্বাবধানে সংগঠনটির কার্যকরী সদস্য ও সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো উৎসবটি অত্যন্ত প্রাণবন্ত হয়ে ওঠে।