সাহিত্যচর্চা, সৃজনশীলতা এবং নতুন প্রজন্মের লেখক-কবিদের বিকাশের লক্ষ্যে নওগাঁর পত্নীতলা উপজেলার আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের উদ্যোগে সাহিত্য পরিষদের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে আয়োজিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে সাহিত্য পরিষদের কার্যক্রমের সূচনা হয়। একই সঙ্গে অনুষ্ঠিত হয় মাসিক সাহিত্য আড্ডা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ড. আবুল হায়াত ইসমাইল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও কথাসাহিত্যিক আহম্মদ হোসেন বাবু এবং জাভেদ নওরোজ আলমগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহমুদপুর আজিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. বাবুল হোসাইন। আমন্ত্রিত অতিথিদের সাহিত্য পরিষদের পক্ষ থেকে ফুলের গাছ উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের পরিচিতি তুলে ধরেন গ্রন্থাগারিক মো. রায়হান পারভেজ। গ্রন্থাগারের ইতিহাস ও পথচলা নিয়ে আলোচনা করেন সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক রাজু।
এরপর কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় অংশ নেন মাহমুদপুর আজিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম চৌধুরী, আগ্রাদ্বিগুণ কলেজের অধ্যক্ষ মোজাফ্ফর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা মিলন কুমার মানী, ধামইরহাট কেন্দ্রীয় প্রেসক্লাবের আহ্বায়ক মো. মুমিনুল ইসলাম এবং কবি রশিদুল ইসলাম। সাহিত্য বিষয়ে আলোচনা করেন আগ্রাদ্বিগুণ কলেজের প্রভাষক মো. ফারুক হোসেন সবুজ।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন নিস্কৃতি কুমার মণ্ডল এবং ভাতগ্রাম আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশত তিগ্যা। কবিতা আবৃত্তিতে অংশ নেন মো. কামরুজ্জামান, মো. রেজা আহমেদ, মো. জিহাদ হাসান, মো. আব্দুর রহিম, মো. রেজুয়ান হুসাইন ও মো. মোরশেদ রানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুস্তইলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুজার গিফারি।
আলোচনা পর্বে বিশেষ অতিথি কবি ও কথাসাহিত্যিক আহম্মদ হোসেন বাবু সাহিত্য পরিষদের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক কাঠামো এবং পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন। তাঁর আলোচনায় সাহিত্য পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার বিভিন্ন দিক উঠে আসে।
প্রধান অতিথি ড. আবুল হায়াত ইসমাইল তাঁর বক্তব্যে সাহিত্য পরিষদ পরিকল্পিতভাবে পরিচালনা, তরুণ কবি ও লেখকদের সাহিত্যচর্চায় সম্পৃক্ত করা এবং নতুন লেখক তৈরির জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়ে দিকনির্দেশনা দেন। তিনি তরুণদের নিয়মিত সাহিত্যচর্চায় উৎসাহিত করার পাশাপাশি সাহিত্য পরিষদের কার্যক্রমকে আরও দক্ষ, সৃজনশীল ও সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের এ উদ্যোগের প্রশংসা করেন এবং গ্রন্থাগারের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।